বাবা, অমূল্য ধন
মোঃ সেলিম হোসেন
আজকে ভীষণ মনে পড়ছে
বাবা তোমার মুখ,
ভীষণ তিক্ত লাগছে আজি
এই জগতের সুখ।
যত্নে করা শাসন বারন
কোমল কঠিন ডাক,
মনে পড়ছে উদ্বেগ ভরা
নিরাপত্তার হাক।
বাবা তুমি নাই এখন আর
নিতে আমার খোঁজ,
দাঁড়াও না আর পাশে এসে
ঢালের মতো রোজ।
আজকে আমি ছিটকে কোথায়
দূরে আপন জন,
এখন কেহই বুঝতে চায় না
কি চায় আমার মন।
নাটক দেখি নিত্য আমি
চারিদিকে আজ,
আপন সাজের অভিনয়ে
পরিয়ে দেয় তাজ।
হতাশ হয়ে তাকাই শেষে
যখন দেখি ফল,
আপন পরের নাটকে আর
পাই না এখন বল।
এক সকালে কাস্তে দিয়ে
কেটে দিলাম হাত,
সেলাই করা হাতেই বুকে
রাখলে সারারাত।
কতো আঘাত সয়েও ক্ষমা
সহজ ছিলো খুব,
শত কষ্টেও পাওয়ার জন্য
ছিলো নাতো লোভ।
বাবা তোমার নাই তুলনা
তুমিই আপন জন,
তুমিই ছিলে এই জগতে অ
মূল্য এক ধন।