স্টাফ রিপোর্টাস
প্রসাদ দাস, ময়মনসিংহ :
ময়মনসিংহ প্রেসক্লাব সাংবাদিকতা পদকে (২০২৩) ভূষিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক লেখক ময়মনসিংহ প্রেসক্লাব ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মোশাররফ হোসেন।
মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী ও জেলা প্রশাসক দিদারে আলম মোহম্মদ মাকসুদ চৌধুরীর হাত থেকে সম্মাননা পদক গ্রহন করেন। তিনি ময়মনসিংহ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক, সহ-সভাপতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ২২ বার নির্বাচিত হয়েছেন।
সাংবাদিকতা, কবি নজরুলসহ কয়েকটি প্রকাশনা রয়েছে তার। তিনি সাংবাদিকতা বিষয়ে একজন প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন। মোশাররফ হোসেন সাংবাদিক সমাজের একজন পরীক্ষিত নেতা। তিনি জাতীয় ইংরেজি দৈনিক কান্ট্রি টুডে কাজ করছেন এবং দৈনিক আজকের খবর পত্রিকা সম্পাদনা করছেন।
সভায় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোমতাজ উদ্দিন মন্তা ও এ এইচ এম মোতালেব বক্তৃতায় সাধারন সম্পাদক থাকাকালে মোশাররফ হোসেনের নেতৃত্ব ও উন্নয়নমূলক কর্মকান্ডের ভুয়সী প্রশংসা করে বলেন, জীবনের ঝুঁকি নিয়ে মোশাররফ হোসেন প্রেসক্লাবের ভূমি উদ্ধার করে ভবন নির্মাণ করেছেন বলে আজ এ প্রেসক্লাব অবকাঠামো ও অর্থনৈতিকভাবে স্বচ্ছল ও সমৃদ্ধ হয়েছে।
বিগত করোনাকালে অনেক সংবাদপত্রকর্মী ও অসহায়দের সহায়তা করেছেন তিনি। মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করে অনেক প্রতিষ্ঠানকেই সহযোগিতা করেছেন। তার পিতার নামে প্রতিষ্ঠিত আজিম উদ্দিন সরকার ফাউন্ডেশন এর উদ্যোগে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে বহুমাত্রিক কাজ করে যাচ্ছেন। সমসাময়িক রাজনীতি, অর্থনীতি ও সমাজনীতি নিয়ে রয়েছে তার অনেক গবেষণা। তিনি ময়মনসিংহ প্রেসক্লাবের সর্বোচ্চ ভোটে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। এর আগে বিএফইউজে’র সহ-সভাপতি পদেও নির্বাচিত হন। বিসিডিজেসি এর কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেও অনেক সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থাও করেছেন তিনি। এছাড়াও সাংবাদিকদের আয়বর্ধক প্রতিষ্ঠান ময়মনসিংহ সাংবাদিক সমবায় সমিতি লি: ও ময়মনসিংহ টাউন কো-অপারেটিভ ব্যাংক লি: এর সভাপতির দায়িত্বও পালন করছেন।