নিউজ ডেস্ক
স্টাফ রিপোর্টাসঃ
সারা বছর মিষ্টির চাহিদা থাকলেও বিশেষ দিনগুলোতে মিষ্টির চাহিদা অনেকাংশেই বেড়ে যায়। বিশেষ করে এসএসসি, এইচএসসির ফল প্রকাশের দিনগুলোতে স্বাভাবিক দিনের চেয়ে কয়েকগুণ বেশি মিষ্টি বিক্রি হয়। শুক্রবার (২৮ জুলাই) এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলেও অন্যবারের মতো মিষ্টি বিক্রি হয়নি। ব্যবসায়ীরা জানান, রাজনৈতিক সমাবেশের কারণে মানুষের মধ্যে একধরনের আতঙ্ক ছিল। আর সে কারণে এবার মিষ্টি প্রত্যাশার চেয়েও অনেক কম বিক্রি হচ্ছে।
মিষ্টি ব্যবসায়ীরা জানান, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন সাধারণ সময়ের তুলনায় দুই থেকে তিনগুণ বেশি মিষ্টি বিক্রি হয়ে থাকে। তবে এবার সেটি হয়নি। ঢাকাতে সমাবেশের আশেপাশের এলাকার মিষ্টির দোকানগুলোতে সবচেয়ে কম বিক্রি হয়েছে। ঢাকাতে মিষ্টি প্রত্যাশানুরূপ বিক্রি না হলেও ঢাকার বাইরে গতবারের মতোই মিষ্টি বিক্রি হয়েছে।
কাউসার আহমেদ নামের এক মিষ্টি ব্যবসায়ী বলেন, খুব দরকার ছাড়া লোকজন আজ (২৮ জুলাই) ঘর থেকে বের হয়নি। আত্মীয়-স্বজনের বাড়িতে মিষ্টি পাঠানোর মতো পরিস্থিতিও নেই। এসব কারণে এবার এসএসসি পরীক্ষার ফলকে কেন্দ্র করে কোনো বাড়তি বিক্রি নেই।
ব্যবসায়ীরা জানান, বিশেষ দিনগুলোকে সামনে রেখে মিষ্টি প্রস্তুতকারীদের আগাম প্রস্তুতি থাকে। প্রতিদিনের তুলনায় দুই থেকে চারগুণ পর্যন্ত হরেক রকমের মিষ্টি তৈরি করে রাখেন তারা। এবারের পরিস্থিতিতে লোকসানের আশঙ্কায় রয়েছেন মিষ্টি ব্যবসায়ীরা।