জেলা প্রতিনিধি
ক্ষমা করবেন পলান সরকার-
জেলা প্রতিনিধিঃ
অনেকে বলেন বইপ্রিয় মানুষের জন্য এখন সময়টা খারাপ। সেজন্যই পলান সরকারের মতো মানুষদের বেশি বেশি স্মরণ ও চর্চা করা উচিত। কিন্তু আমি মনে করি, পলান সরকার ( ১ আগস্ট ১৯২১ - ১ মার্চ ২০১৯) সব কালে সব দেশে সব সময়ই স্মরণীয় একজন মানুষ। কারণ এ মানুষগুলোই হলেন মানবসভ্যতার শাশ্বত বাতিঘর।
নান্দিক পাঠাগারকে ধন্যবাদ, ধন্যবাদ পাঠাগারটির পরিচালক কবি ইসমত শিল্পীকে। একদিন পরে হলেও পলান সরকারের জন্মদিনের একমাত্র আয়োজনটি করে তারা আমাদের মুখরক্ষা করেছেন। আমার ভুলও হতে পারে। কিন্তু তাঁর জন্মদিনে কোনো আয়োজন আমার অন্তত চোখে পড়েনি। আশা করি, আমাদের এ অক্ষমতা নিজগুণে ক্ষমা করবেন শ্রদ্ধেয় পলান সরকার।
আমি মনে করি, দেশের সরকারি-বেসরকারি সব গ্রন্থাগারেরই তাঁর জন্মদিন উদযাপন করা উচিত। ইতোমধ্যে জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে আমরা কিছু উদ্যোগ নিয়েছি। ক্রমেই সেটা সারা দেশে ছড়িয়ে যাবে বলে আশা করি। নিঃসন্দেহে বলা যায় যে পলান সরকারকে আমরা যত বেশি স্মরণ করবো, বইবান্ধব আলোকিত সমাজ গড়ার অভিযাত্রা ততই সমৃদ্ধ হবে।