ছত্তীসগঢ়-মধ্যপ্রদেশের দিকে এগোচ্ছে ‘দানা’
ভারতের ওড়িশায় আঘাতের পর দেশটির অন্য দুই রাজ্য ছত্তীসগঢ় ও মধ্যপ্রদেশের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘দানা’। তবে ছত্তীসগঢ় ও মধ্যপ্রদেশে প্রবেশের সময় এটি সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
মৌসম ভবনের অনুমান, শুক্রবার দুপুরের মধ্যে তীব্র ঘূর্ণিঝড় দানা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশা অতিক্রম করবে। তখন এটি দুর্বল হয়ে সিভিয়ার সাইক্লোন থেকে শুধুমাত্র সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সেই ঘূর্ণিঝড় তখন ছত্তীসগঢ় ও মধ্য প্রদেশের অভিমুখে এগোবে।
দানার তাণ্ডবে ওড়িশার ভদ্রকে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। নিচু এলাকা পানিতে ভেসে গেছে। প্রবল ঝড়ের সঙ্গে বৃষ্টিও হচ্ছে। আর পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় প্রবল ঝড় ও বৃষ্টি হচ্ছে। তবে পরিস্থিতি খুব বেশি গুরুতর নয়।