ময়মনসিংহে ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড : গাড়িচালকের মৃত্যু, অগ্নিদগ্ধ ১০
আতিকুল ইসলাম আতিক :
ময়মনসিংহ নগরের রহমতপুর বাইপাস মোড় এলাকায় আজাহার সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস দিতে গিয়ে লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়ে বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে দগ্ধ হয়ে এক প্রাইভেটকারচালকের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরো ১০ জন।
সোমবার (৪ নভেম্বর) আনুমানিক বেলা পৌনে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডেরের ঘটনাটি ঘটে।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সফিকুল ইসলাম খান জানান গ্যাসভিত্তিক ফিলিং স্টেশনটিতে বিস্ফোরণ ঘটে একজন প্রাইভেটকারচালকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির বয়স ৩০-৩৫ হতে পারে। তার নাম–পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ সময় আরো ১০ জন দগ্ধ হয়েছেন। গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ময়মনসিংহ নিয়ন্ত্রণকক্ষ থেকে জানা গেছে, সিএনজিচালিত একটি অটোরিকশায় গ্যাস দেয়ার সময় সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে প্রাইভেটকারেও আগুন ধরে যায়। ওই সময় প্রাইভেটকারের চালক নিহত হন। বেলা সাড়ে ৪টা পর্যন্ত ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।