দৈনিক উন্নয়ন চিন্তা অনলাইন ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না- উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যত ষড়যন্ত্র হোক, বিদেশি শক্তির চাপ আসুক, আমরা সংবিধানের বাইরে যাবো না। গতকাল ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’- উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। বাংলাদেশের জন্মের চেতনা, মুক্তিযুদ্ধ ও জয় বাংলার চেতনা, সংবিধান নিয়ন্ত্রণ করে শেখ হাসিনাকে। দেশি-বিদেশি কোনো শক্তি নয়। যত ষড়যন্ত্র করুক, বিদেশি শক্তির নামে হুমকি-ধমকি দিতে পারেন। তিনি কোনো বিদেশি শক্তির পরোয়া করেন না। কোনো পরাশক্তি, বিদেশি শক্তির পরোয়া করেন না শেখ হাসিনা। তিনি পরোয়া করেন দেশের জনগণকে। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের গত ৪৪ বছরে সবচেয়ে সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা, সবচেয়ে বিচক্ষণ নেতার নাম শেখ হাসিনা, সবচেয়ে দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা, সবচেয়ে জনপ্রিয় নেতার নাম শেখ হাসিনা, সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা।