• ঢাকা
  • বুধবার , ১৯ আগস্ট ২০২৬ , রাত ১২:৪২
শিরোনাম
হোম / জাতীয়

৮ দিনে ৮৯ মামলায় গ্রেফতার ২,১৭২

রিপোর্টার : স্টাফ রিপোর্টার
৮ দিনে ৮৯ মামলায় গ্রেফতার ২,১৭২

প্রসাদ দাস, ভ্রাম্যমাণ প্রতিনিধি :

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতা ও চলমান অবরোধ কর্মসূচির মধ্যে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নানা ঘটনায় ৮৯টি মামলা দায়ের হয়েছে। ২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত আট দিনে দায়ের হওয়া এসব মামলায় বিএনপির দুই হাজার ১৭২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন।

তিনি জানান, আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার ঘটনায় ৮৯টি মামলা হয়েছে। এর মধ্যে পল্টন থানায় সবচেয়ে বেশি ১৪টি মামলা হয়েছে। এরপর রয়েছে রমনা মডেল থানা, সেখানে ছয়টি মামলা করা হয়েছে। এসব মামলায় ৪ তারিখ পর্যন্ত দুই হাজার ১৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ দিকে শনিবার থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত রাজধানীতে ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রোববার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। তাদের যুগপৎ আন্দোলনের শরিকরাও এই অবরোধ পালন করছে। পাশাপাশি জমায়াতে ইসলামীও আলাদা করে ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করছে।

এর আগে গত সপ্তাহের শেষ তিন দিন (৩১ অক্টোবর-২ নভেম্বর) টানা অবরোধ পালন করে বিএনপি-জামায়াত। তার আগে ২৯ অক্টোবর হরতাল পালন করে তারা।

গত ২৮ অক্টোবর রাজধানীতে বড় ধরনের সমাবেশ করে বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগ। সে দিন দুপুরের দিকে বিএনপির সমাবেশে আসা লোকজনের সাথে কাকরাইল মোড়ের কাছে আওয়ামী লীগের সমাবেশগামী লোকজনের সংঘর্ষ শুরু হয়। পুলিশ সেখানে হস্তক্ষেপ করার পর এক পর্যায়ে প্রধান বিচারপতির বাসভবনের সামনে বেশ কিছু গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। উপস্থিত সাংবাদিকদেরও ব্যাপক মারধর করা হয়। এরপর পুলিশ সাউন্ড গ্রেনেড ও উপর্যুপরি টিয়ার শেল নিক্ষেপ করে বিএনপির সমাবেশ ভণ্ডুল করে দেয়। এর ফলে সংঘর্ষ চার দিকে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে এক পুলিশ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়, পুলিশের বহু সদস্যকে পিটিয়ে আহত করা হয় এবং পুলিশ হাসপাতালে হামলা চালিয়ে কয়েকটি অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে দেয়া হয়।

সমাবেশ বানচালের প্রতিবাদে পরদিন ২৯ অক্টোবর বিএনপি হরতাল পালন করে। হরতালের দিন সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করা হয়। তিনি এখন কারাগারে আছেন।

হরতালের পর এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি দেয় বিএনপি-জামায়াত। কয়েক দিনে মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মোয়াজ্জেম হোসেন আলাল, ব্যারিস্টার শাহজাহান ওমর, আলতাফ হোসেন চৌধুরী, মুজিবর রহমান সরওয়ার, এমরান সালেহ প্রিন্সসহ বিএনপির কেন্দ্রীয় এ জেলাপর্যায়ের শীর্ষ নেতাদের গ্রেফতার করে পুলিশ।

জাতীয়

আরও পড়ুন