নিজস্ব সংবাদ দাতা :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বৈধতা হারিয়েছেন ময়মনসিংহ-৯ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম। তার মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে স্বতন্ত্র প্রার্থীর করা আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এই রায় দিয়েছেন।
কমিশনের রায়ে প্রার্থিতা হারিয়ে নীরবে ইসি থেকে বেরিয়ে আসেন আব্দুস সালাম। অন্য প্রার্থীরা যে দিক দিয়ে বের হচ্ছিলেন আব্দুস সালাম সেদিক দিয়ে বের না হয়ে সংবাদকর্মীদের এড়িয়ে ইসির প্রধান ফটক দিয়ে বেরিয়ে যান। সেসময় সংবাদকর্মীরা তার দিকে ছুটে যান, জানতে চান তার প্রার্থিতা বাতিলের বিষয়ে। কিন্তু আব্দুস সালাম সংবাদকর্মীদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি। এমনকি তার সঙ্গে নির্বাচন ভবনের বাইরে রাখা গাড়ি পর্যন্ত যান সংবাদকর্মীরা, তবুও তিনি কোনো কথা বলেননি। সোজা গিয়ে গাড়িতে উঠে চলে যান।