কলমেঃ মোঃ সেলিম হোসেন
তারিখঃ ০৫ ডিসেম্বর, ২০২৩ খ্রিঃ।
মিরজাফরের আত্মচিন্তন ডাকলো সর্বনাশ,
ঘসেটি যার হিংসা দিলো অগ্নি তুল্য বাঁশ।
সেই সুযোগে শিয়াল বৃটিশ করলো বাংলা গ্রাস,
বাঙালি দের মাথার উপর নেমে আসলো ত্রাস।
শিকার তুল্য বাঙালিরা কি আর করে হায়!
মুখ বুঁজিয়া শোষণ পীড়ন সহ্য করে যায়।
যুগের পরে যুগ কেটে যায় দুঃখে কাটে দিন,
সাহস নিয়ে বীর বাঙালি বাজায় মুক্তির বীণ।
ভারতবর্ষ মুক্তি পেলো হলো পাকিস্তান,
নতুন করে শুরু হলো নির্যাতনের গান।
পাকিস্তানের লোভের খঞ্জর খাড়া হলো তাই,
বাঙালিরা বুঝতে পারলো বাঁচার উপায় নাই।
বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ভাবনায় পড়ে হায়,
ক্যামন করে বাঙালিদের স্বাধীন করা যায়।
দেশের মানুষ সোচ্চার করতে মিটিং মিছিল হয়,
স্বাধীনতার স্বপ্ন কথা তাদের কাছে কয়।
সাহস পেয়ে আমজনতা ধরলো তাদের পথ,
ঘটলো বিপ্লব বঙ্গভূমে চললো যুদ্ধের রথ।
একাত্তরে শেখ মুজিবুর দিলেন যুদ্ধের ডাক,
সারা দেশে পড়লো তাতে স্বাধীনতার হাক।
অস্ত্র ধরে যুদ্ধের মাঠে চললো ভীষণ রণ,
পাক্ হটানোর তরে লড়াই করে কাটলো প্রতিক্ষণ।
নয় মাস ধরে চললো লড়াই স্বাধীন করতে দেশ,
ডিসেম্বরের ষোল তারিখ হলো যুদ্ধের শেষ।
নতুন করে উড়লো নিশান সবাই পেলো সুখ,
নিশান উড়লে দেখলো বাংলা স্বাধীনতার মুখ।
সেদিন থেকে লাল সবুজের এই পতাকা পাই,
স্বাধীন বাংলায় এখন তাই আর বহিঃশত্রু নাই।